চন্দ্রমুখী চরিত্রে এবার কৌশানি মুখার্জি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর জনপ্রিয় চরিত্র চন্দ্রমুখী এবার নতুন রূপে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানি মুখার্জি। নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।
সৃজিত মুখার্জিই বিষয়টি নিশ্চিত করেছেন। নির্মাতার ভাষ্য, চন্দ্রমুখী চরিত্রটির নামের মধ্যেই সৌন্দর্যের একটি ইঙ্গিত রয়েছে। আর কৌশানির সঙ্গে তার আগের কাজের সূত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ায় বিশেষ এই চরিত্রের জন্য তাকে বেছে নিয়েছেন তিনি।
সৃজিত বলেন, “চন্দ্রমুখী নামটার মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি, ‘এটা করে দে তো’। আর অতিথি চরিত্রের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকবে।”
নির্মাতার বক্তব্য অনুযায়ী, সিনেমায় কৌশানিকে অতিথি চরিত্রেই দেখা যাবে। চরিত্রটির জন্য একটি বিশেষ গানেও পারফর্ম করবেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এর আগে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাতেও শ্রেয়ার কণ্ঠ শোনা গিয়েছিল।
‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটি নির্মিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তার জীবনকাল এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। এতে আরও অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ পশ্চিমবঙ্গের একাধিক পরিচিত তারকা।
এই সিনেমার মাধ্যমে সংগীত পরিচালনায়ও অভিষেক হচ্ছে সৃজিত মুখার্জির। দুর্গাপূজাকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
বাংলা ও ভারতীয় সিনেমায় এর আগেও একাধিক অভিনেত্রী চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত ও ওয়ামিকা গাব্বি। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে কৌশানি মুখার্জির নাম।