লাইব্রেরিতে বই হাতে অপু বিশ্বাস, কী বার্তা দিচ্ছেন তিনি!

নিয়মিতই নানা ধরনের ফটোশুটে অংশ নেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তবে এবার তার ফটোশুটে চোখে পড়েছে কিছুটা ভিন্ন আয়োজন। পোশাকের পাশাপাশি ছবির পরিবেশ ও হাতে থাকা বইও তৈরি করেছে আলাদা আবহ।
সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন অপু। ছবিগুলোতে তাকে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা গেছে। তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তার হাতে থাকা বই ও চারপাশের পরিবেশ।
ছবিগুলো ধারণ করা হয়েছে একটি লাইব্রেরিতে। অপুর পেছনে তাকজুড়ে সাজানো ছিল বিভিন্ন ধরনের বই। আর তার হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।
কখনো বইয়ের পাতায় মনোযোগ দিয়ে, আবার কখনো বইটি মুখের কাছে কিংবা মাথায় ঠেকিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। পুরো আয়োজনেই বই ও পাঠাগারের পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ফটোশুটের সঙ্গে দেওয়া ক্যাপশনেও একটি বার্তা তুলে ধরেছেন অপু। তিনি লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
অপুর এমন ভিন্নধর্মী আয়োজন প্রশংসা করেছেন তার অনুসারীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ শৈশবের সিনেমা দেখার স্মৃতির সঙ্গে অপুর নাম জড়িয়ে মন্তব্য করেছেন। একজন অনুসারী আবার লাইব্রেরির এই ফটোশুটে শাড়ি পরলে আরও ভালো লাগত বলেও পরামর্শ দিয়েছেন।
এদিকে কাজের ব্যস্ততাও রয়েছে অপুর। সম্প্রতি ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিং করেছেন তিনি। কামরুজ্জামান রোমানের পরিচালনায় সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে নেপালে।
তবে সিনেমাটির বাকি কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ সিনেমাটির নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন। অপুর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।