জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে ফেরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা সরাসরি দেখেন এবং তাদের উৎসাহ দেন।
জাপান সফরে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিওএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।