হরমুজ সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাময়িকভাবে থামছে সংঘাত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আপাতত সামরিক সংঘাত থেকে সরে এসে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন দিক নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে। এ সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং নতুন করে কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছানো হয়েছে।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন আপাতত সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দুই দেশই পরিস্থিতি আরও উত্তপ্ত না করে কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার বিষয়ে সম্মত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
অ্যাক্সিওস আরও জানিয়েছে, এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের নেতৃত্ব দিতে পারেন নিক স্টুয়ার্ট।
তবে আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি ওয়াশিংটন বা তেহরান।
উল্লেখ্য, গত কয়েকদিনে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আরও হামলা থেকে বিরত থাকার সতর্কবার্তা দেন। অন্যদিকে ইরানও জানিয়ে দেয়, যুদ্ধবিরতি বা সমঝোতা লঙ্ঘিত হলে কূটনৈতিক আলোচনার সব পথ বন্ধ করে দেওয়া হবে।
সাম্প্রতিক এই সমঝোতা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে উত্তেজনা কমার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।