বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ডলারের শক্তিতে চাপে স্বর্ণ, টানা চতুর্থ সপ্তাহে কমল বিশ্ববাজারের দাম

ডলারের শক্তিতে চাপে স্বর্ণ, টানা চতুর্থ সপ্তাহে কমল বিশ্ববাজারের দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ সপ্তাহের মতো নিম্নমুখী রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে মূল্যবান এই ধাতুর দামে নতুন করে চাপ তৈরি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪ হাজার ২ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে স্বর্ণের দাম প্রায় ৩.৮ শতাংশ কমেছে। এর আগে বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় ডলারের দর শক্তিশালী হয়েছে। এতে অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ কেনার ব্যয় বেড়ে যাওয়ায় চাহিদা কমেছে এবং দামের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ফেডের কঠোর অবস্থানকে কেন্দ্র করে বাজারে দ্রুত মূল্য সমন্বয় হচ্ছে, যার ফলে ডলারের শক্তি বেড়েছে এবং স্বর্ণের বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।

তার মতে, জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর শুরু হওয়া সংশোধন প্রক্রিয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নেমে আসতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।


সূত্র: রয়টার্স
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন