বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভেনেজুয়েলায় দুর্যোগের চিত্র ভয়াবহ, মৃত ২৩৫

ভেনেজুয়েলায় দুর্যোগের চিত্র ভয়াবহ, মৃত ২৩৫
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকা থেকে হতাহতদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকাজ এখনো অব্যাহত থাকলেও প্রয়োজনীয় জনবল ও ভারী যন্ত্রপাতির সংকটে অভিযান ধীরগতিতে চলছে। কর্মকর্তাদের আশঙ্কা, ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর লা গুয়াইরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু ভবন ধসে পড়েছে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

লা গুয়াইরার বাসিন্দা ড্যানি রিজো জানান, একটি কিশোরী দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকলেও উদ্ধারকারী দল সময়মতো পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। একই এলাকার আরেক বাসিন্দা আন্তোনিও বেরমুদেজ বলেন, একটি ভবনের নিচে আটকে থাকা তিন ব্যক্তি এখনও জীবিত থাকলেও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

দুর্যোগ মোকাবিলা বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, উদ্ধার অভিযানে ব্যবহারের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মীর ঘাটতি রয়েছে। ফলে অনেক স্থানে দ্রুত পৌঁছানো যাচ্ছে না।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) ভেনেজুয়েলা শাখার পরিচালক নিকোল কাস্ট দেশটির বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ ও মানবিক সংকটপূর্ণ বলে বর্ণনা করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন