বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

যুদ্ধবিরতি চুক্তিকে ‘মার্কিন ব্যর্থতার স্বীকৃতি’ বলল ইরান

যুদ্ধবিরতি চুক্তিকে ‘মার্কিন ব্যর্থতার স্বীকৃতি’ বলল ইরান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে ওয়াশিংটনের জন্য একটি কূটনৈতিক পরাজয় হিসেবে উল্লেখ করেছে তেহরান। ইরানের শীর্ষ রাজনীতিক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, এই চুক্তি ইরানি জনগণের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের ফলাফল।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই সমঝোতা কোনো চাপের ফল নয়, বরং ইরানের শক্ত অবস্থানের প্রতিফলন।

তার ভাষায়, চুক্তিটি এমন একটি বার্তা বহন করছে যা যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই এবং বাইরের শক্তির উপস্থিতি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার পরিবর্তে অস্থিরতা তৈরি করছে।

গালিবাফের মতে, বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি কমিয়ে আনা ইরানের অন্যতম কৌশলগত লক্ষ্য। কারণ এসব বাহিনী নিরাপত্তা প্রতিষ্ঠার পরিবর্তে নতুন সংকটের জন্ম দিচ্ছে।

তিনি আরও বলেন, ইরান ভবিষ্যৎকে সংঘাতের নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের দৃষ্টিভঙ্গিতে দেখতে চায়। এ প্রসঙ্গে লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ইরানি এই নেতা জানান, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে লেবাননের যুদ্ধবিরতি যেমন প্রয়োজনীয়, তেমনি ইরান-সংক্রান্ত উত্তেজনা প্রশমনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন