সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রবিবার (২১ জুন) বিকাল পৌনে ৩টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ নেতারা।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

চীন সফরকালে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচির মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। তিনি ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি ২৩ থেকে ২৫ জুন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যের এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন।

সফরকে ঘিরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় তিস্তা প্রকল্পসহ বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পও গুরুত্ব পাবে।

মালয়েশিয়া সফরে শ্রমবাজার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফর শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন