সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

প্রাইমারি হেলথ নেটওয়ার্কে বড় নিয়োগ পরিকল্পনা সরকারের

প্রাইমারি হেলথ নেটওয়ার্কে বড় নিয়োগ পরিকল্পনা সরকারের
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে প্রাইমারি হেলথ নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রামের প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে দুইজন করে মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। বর্তমানে থাকা প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিককে ধাপে ধাপে স্বাস্থ্য হাবে রূপান্তর করা হবে। এতে আলাদা করে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা আর থাকবে না; পুরো কাঠামোই প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্কের অধীনে আসবে।

তিনি আরও জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, নোয়াখালী ও বগুড়া জেলায় এই কার্যক্রম শুরু হবে। প্রস্তাবিত প্রকল্পটি আগামী একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হবে।

প্রকল্পের জন্য মোট ৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ১৫ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

ড. হায়দার আরও জানান, দেশের সব নাগরিককে ধাপে ধাপে ই-হেলথ কার্ডের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে পাঁচ জেলায় এই সেবা চালু করা হবে।

হাম টিকা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই টিকাদানে ঘাটতি হয়েছে। এটি স্পষ্ট এবং এ নিয়ে আলাদা তদন্তের প্রয়োজন নেই।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন