হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে এক হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১ জন শিশু। সব মিলিয়ে একদিনে ১ হাজার ৬৩ জন শিশুকে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গের কারণে চিকিৎসা সেবা নিতে হয়েছে।
এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯৫৭ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে।
মোট আক্রান্তদের মধ্যে ৭৬ হাজার ৮৫৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৭২ হাজার ৮৪৯ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।