চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় গুলি ছুড়ে চাঁদা দাবি, আতঙ্কে ব্যবসায়ীরা

চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় সশস্ত্র একটি দলের গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারী পাঁচজন এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে পাঁচজনের একটি দল শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর তারা দ্রুত সেখান থেকে চলে যায়। পরে মোবাইল ফোনে এক স্থানীয় যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী ওই যুবকেরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে গুলি ছোড়ে এবং এরপর এলাকা ত্যাগ করে। ফুটেজে একজনকে পিস্তলসদৃশ অস্ত্র ব্যবহার করতেও দেখা গেছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীর ঘনিষ্ঠজনরা জানান, ফোনে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে চাঁদা দাবিকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এই শিল্প এলাকায় একাধিক সহিংস ঘটনা ঘটেছে। ফলে ব্যবসা ও চলাচলে নিরাপত্তাহীনতা বাড়ছে।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চকবাজার এলাকায় এক ব্যবসায়ীর বাসার সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটে, যা নিয়ে তখনও ব্যাপক উদ্বেগ দেখা দেয়।