কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ বাংলাদেশি

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কাতারের শাহানিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হন।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে নিহতদের মরদেহ সেখানে সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক গণমাধ্যমকে জানান, নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসীদের এই মর্মান্তিক মৃত্যুতে কানাইঘাট এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।