ঢাকা-নিউইয়র্ক সরাসরি বিমান চালু নিয়ে নতুন তথ্য দিলেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি বিমান চলাচল শুরুর সম্ভাবনা আপাতত দূরবর্তী বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তার মতে, ২০২৮ সালের আগে এই দীর্ঘ দূরত্বের রুটে সরাসরি ফ্লাইট চালুর বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই।
রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান বলেন, ঢাকা–নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালু করতে আধুনিক উড়োজাহাজ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সম্পন্ন করতে সময় লাগবে। এসব প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত এ রুটে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, নতুন বোয়িং উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। এ কারণে যাত্রীসেবা সচল রাখতে এবং সক্ষমতা বাড়াতে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিমান খাতের আধুনিকায়ন, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।