সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর চীন সফরে অংশ নিয়ে মোট ছয় দিনের কূটনৈতিক সফর শেষে দেশে ফিরবেন।

সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করবেন তারেক রহমান। সফর শেষে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীনে অবস্থান করবেন তিনি।

কূটনৈতিক মহলে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার পুনরায় চালু, অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালয়েশিয়া সফরে দুটি সমঝোতা স্মারক (MoU) এবং দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার চালু হলে হাজারো কর্মপ্রত্যাশীর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরাও এই সফর নিয়ে আশাবাদী। তাদের প্রত্যাশা, স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ ব্যবস্থা চালু হবে এবং অনিয়মিত কর্মীদের বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় হালাল পণ্য রপ্তানি, কৃষি, প্রযুক্তি, উৎপাদন খাত এবং যৌথ বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ব্যবসায়ীরা মনে করছেন, সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে রওনা হবেন। ২৩ জুন দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশ নেবেন তিনি।

এরপর বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিল্প স্থানান্তর এবং বড় অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তরের বিষয়ে সমর্থন ও বিনিয়োগ চাওয়া হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, নীলফামারীতে এক হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ নির্মাণে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম বিদেশ সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি, শ্রমবাজার, বাণিজ্য এবং আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। দুই দেশের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনাও দেখছেন তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন