রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির জেল আপিল শুনানির জন্য গ্রহণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের দায়ের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি জেল আপিল দাখিল করেন। পাশাপাশি তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের নথিও হাইকোর্টে পৌঁছেছে।
গত ৯ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরিত ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়।
এর আগে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আদালত রায়ে উল্লেখ করেন, আদায়কৃত অর্থ ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করতে হবে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হয় এবং অল্প সময়ের মধ্যেই বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত গত ৭ জুন রায় ঘোষণা করেন।
এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির মাধ্যমে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।