শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই

সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তিনি চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন