শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয় এবং সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

জামিনের আদেশের পর হাফিজুর রহমান কারাগার থেকে মুক্তি পান। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন আদেশ স্থগিতের আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, মো. মিজানুর রহমান, রেজাউল করিম ও মীর মনিরুজ্জামান। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি এখনও তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন