অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে ২৮ শ্রমিকের মৃত্যু

অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলের বেঙ্গো প্রদেশে একটি সোনার খনি ধসে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলের বেঙ্গো প্রদেশে অবস্থিত একটি ছোট ও ঐতিহ্যবাহী খনিতে এ ধসের ঘটনা ঘটে। পরে ২৮ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।
অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রমিকরা ওই এলাকায় সোনা উত্তোলনের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে।
তিনি আরও জানান, খনির ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চলছে।
দেশটির উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।
বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় প্রায় ৭ হাজার অবৈধ খনি শ্রমিক সোনা উত্তোলনের কাজে নিয়োজিত আছেন।