লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত ঘোষণার পর হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। পরে হাসপাতালের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে অক্সিজেন স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা দিলেও তা সন্তোষজনক না হওয়ায় বিদ্যমান আইন অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তবে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আগামী রোববার সরকারের কাছে আপিল করবেন।
উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালে এক থেকে চার দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।