চলতি হজ মৌসুমে ১০ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে চলতি মৌসুমে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার (৬ মে) মক্কায় মোসাম্মৎ নিলুফা বেগম (৫৭) নামের এক নারী হজযাত্রী মারা যান। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাসিন্দা ছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইসিটি হেল্পডেস্কের বুধবার রাত ৩টার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি হজ মৌসুমে এ পর্যন্ত মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী।
জানা গেছে, মৃতদের মধ্যে আটজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।
এদিকে হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে মোট ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন রয়েছেন।
হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট ব্যবহৃত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।