‘সবার আগে বাংলাদেশ’: দেশে ফিরে ঐক্যের প্রতীক তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। লন্ডন থেকে ঢাকায় তার প্রত্যাবর্তন শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। সরাসরি মাঠে থেকে দলের নেতৃত্ব দিতে না পারলেও, তিনি দীর্ঘ সময় ধরে দলের ঐক্য রক্ষা করেছেন। আজ দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল ও অনিশ্চিত, এমন সময় তার ঢাকায় আগমন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।
তার আগমনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। বাস, ট্রাক, ট্রেন—যেখানে যেখানে পারছেন, তারেক রহমানকে সংবর্ধনা দিতে। রাজধানীর প্রধান সড়ক ও সংবর্ধনা মঞ্চের আশপাশে ব্যানার-পোস্টারে ভরে গেছে। এই উৎসাহ প্রমাণ করছে, মানুষের মনে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি ইতিমধ্যেই পৌঁছে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফিরে সরাসরি নেতৃত্ব প্রদানের মাধ্যমে তারেক রহমান দলের পুনর্গঠন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেন, “তার প্রত্যাবর্তন দেশের জন্য ইতিবাচক বার্তা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”
সম্প্রতি রাজনৈতিক সহিংসতা, সংবাদমাধ্যমে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই জটিল পরিস্থিতিতে তারেক রহমানের আগমন শুধু দলের জন্য নয়, দেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ। বিশ্লেষক মহিউদ্দিন খান বলেন, “নেতা হিসেবে তার সরাসরি উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাধারণ মানুষও স্বস্তি অনুভব করবে। জাতির সংকটকালে ঐক্যের প্রতীক হিসেবে নেতৃত্বদান ইতিবাচক ফল বয়ে আনে, বর্তমান সময়েও তারেক রহমান সেই ভূমিকা পালন করতে পারেন।”
আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুল বলেন, “উদার গণতান্ত্রিক রাজনীতির একমাত্র প্রতিভূ হিসেবে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন বিদেশে থাকা অভিজ্ঞতা যদি তিনি দেশের বাস্তবতায় প্রয়োগ করতে পারেন, তবে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।”
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগ করা তারেক রহমান ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর যুক্তরাজ্যে চলে যান। দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে তিনি শুধু দলের নেতৃত্বই পুনর্নির্ধারণ করছেন না, বরং দেশের রাজনৈতিক পরিবেশে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রমাণ করে, নেতা হিসেবে তিনি দেশ ও দলের জন্য ঐক্যের বার্তা বহন করতে প্রস্তুত। সামনের নির্বাচনে তার নেতৃত্ব শুধু দলের জন্য নয়, পুরো জাতির জন্য আশার আলো হতে পারে।