সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ জাপানের

সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান সরকার। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়ানোর পাশাপাশি সৌদি আরব সফরের পরিকল্পনা করা নাগরিকদের ভ্রমণ স্থগিতের বিষয়টি বিবেচনা করতে বলেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য চার ধাপের সতর্কতা স্কেলে ঝুঁকির মাত্রা ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে। এই মাত্রায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ বহাল রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার এবং বিমানবন্দরসংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করা জাপানি নাগরিকদের সফর স্থগিতের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।