বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে। বর্তমান বেতনে এসব ব্যয় মেটাতে গিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলন করছেন।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।