বাকুতে সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়ায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকুর গুলুস্তান প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আয়োজিত গালা ডিনারে অংশ নেন তিনি।
এ সময় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাকু কনভেনশন সেন্টারে সিআইসিএ শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন হুমায়ুন কবির।
বাকু সফরকালে সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।