চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও ছিলেন।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। পরে ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়া যান তিনি। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর চিকিৎসা চলে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।