শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাবা হেলাল উদ্দিন এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলেন হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন ও সামিন হোসেন এবং মেয়ে সামিয়া আক্তার।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে ১৩ জন রওনা হন। তাদের সঙ্গে ছিল গরু-ছাগলও। বৈদ্যেরবাজারের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকায় যাওয়ার পথে সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

পরে আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করে। নিখোঁজ হন একই পরিবারের চারজন। বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে নদীতে ভাসতে দেখে সজীব, সামিয়া ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন