কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায়

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের করা মামলায় বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার হওয়া চুক্তি অনুযায়ী, অ্যালাবামায় কিশোরদের অ্যাপ ব্যবহারে সময়সীমা, বিরতি ও কঠোর বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করবে টিকটক। পাশাপাশি প্রতিষ্ঠানটি অঙ্গরাজ্যটিকে অন্তত ১০ কোটি ডলার দেবে।
চুক্তি অনুযায়ী, কিশোর ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা টিকটক ব্যবহার করতে পারবে। একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতির ব্যবস্থাও থাকবে। বয়স যাচাইয়ের ক্ষেত্রেও আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল একই ধরনের সমঝোতায় যুক্ত হলে ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
আগামী সোমবার অ্যালাবামার মন্টগোমারি রাজ্য আদালতে মামলাটির বিচার শুরুর কথা ছিল। শুনানি কয়েক সপ্তাহ চলতে পারত। তার আগেই সমঝোতা হওয়ায় টিকটকের অভ্যন্তরীণ প্রযুক্তি ও পরিচালনসংক্রান্ত তথ্য আদালতে প্রকাশের সম্ভাবনাও কমেছে।
অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল বলেন, এই সমঝোতা রাজ্যের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ। গত বছর তিনিই টিকটকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। পরে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ আরও অন্তত ২৭টি অঙ্গরাজ্য একই ধরনের আইনি পদক্ষেপ নেয়।
মামলায় অভিযোগ করা হয়েছিল, টিকটকের ভিডিও অ্যালগরিদম কিশোরদের অতিরিক্ত সময় অ্যাপে আটকে রাখে এবং সহিংসতা ও আত্মঘাতী বিষয়বস্তুর দিকে ঠেলে দেয়। এতে তরুণদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া কিশোরদের জন্য অ্যাপের নিরাপত্তা এবং মার্কিন ব্যবহারকারীদের তথ্যে চীনা সরকারের সম্ভাব্য প্রবেশাধিকার নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়।
টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিদ্যমান সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই চুক্তি। প্রতিষ্ঠানটি মামলায় আরও যুক্তি দিয়েছিল, ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের জন্য প্ল্যাটফর্মকে দায়ী করা যায় না।