রোবোটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের দুই শিক্ষার্থীর স্বর্ণজয়

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস ক্যাটাগরিতে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ এই সাফল্য অর্জন করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়ার পেটালিং জায়ায় সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কুমার চক্রবর্তী বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।
চলতি মাসের ১০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ২৩টি দল অংশ নেয়। এর মধ্যে তিনটি দল বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করে।
আইটি অ্যান্ড রোবোটিকস ক্যাটাগরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর ‘WALL-E’ প্রজেক্ট উপস্থাপন করে সর্বোচ্চ নম্বর পায় স্পর্শ ও সানিয়া। এর মাধ্যমে তারা এ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে।
স্পর্শের মা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, ‘আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীরাও এ খবরে আনন্দিত। এই অর্জন শুধু আমাদের স্কুল, মতলব বা চাঁদপুরের নয়; এটি বাংলাদেশের জন্যও গর্বের।’
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীর এ অর্জন দেশের তরুণদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্ভাবনাকে তুলে ধরেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই শিক্ষার্থী তাদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা এবং দিকনির্দেশনার কথা উল্লেখ করেছে।