শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান চালানো হয়।

অভিযানের আওতায় জেলার ১৮টি থানার পুলিশ একযোগে বিভিন্ন এলাকায় তৎপরতা চালায়। কুমিল্লা নগরীর পাশাপাশি প্রতিটি থানার যেসব এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে আটক ৬২৪ জনের অতীত কর্মকাণ্ড ও কোনো অপরাধে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ বা তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের ধরন ও অতীত রেকর্ড বিবেচনায় নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন