বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন

বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান রুমন লিখেছেন, কিছু মানুষ চলে গেলেও তাদের কর্ম ও স্মৃতি দীর্ঘদিন মানুষের হৃদয়ে থেকে যায়। আরাফাত রহমান কোকোও ছিলেন তেমনই একজন। প্রচারের আড়ালে থেকে নীরবে কাজ করে যাওয়া এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি মানুষের কাছে আলাদা জায়গা করে নিয়েছিলেন।
বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় কোকোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তার আন্তরিকতা, উদ্যোগ ও অবদান ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেটের বিকাশ এবং ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা সংশ্লিষ্টদের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
রুমন আরও বলেন, আরাফাত রহমান কোকো প্রচারের আলো থেকে দূরে থেকে দেশের ক্রিকেটের জন্য কাজ করেছেন। তার উদ্যোগ ও ক্রিকেটের প্রতি নিবেদন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জন্মদিনে কোকোকে স্মরণ করে তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। রুমন বলেন, নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন।
তার অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্যও অপূরণীয় ক্ষতি ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
জন্মদিনে কোকোর স্মৃতিচারণের মধ্য দিয়ে আতিকুর রহমান রুমন তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে তার অবদানের কথাও তুলে ধরেন।