বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ

‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া একটি প্রচারণাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের দাবি, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানার আওতাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) নামাজ পড়তে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। ওই সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণায় দাবি করা হয়, ওই পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন। পুলিশ সদর দপ্তর বলছে, এই দাবি সঠিক নয় এবং ঘটনার সঙ্গে এর কোনো বাস্তব সম্পর্ক নেই।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এ ধরনের প্রচারণা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন