আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা

দেশের আরও ১২টি জেলায় চালু হয়েছে ই-বেইলবন্ড ব্যবস্থা। এর ফলে বর্তমানে দেশের মোট ২৮টি জেলায় ডিজিটাল পদ্ধতিতে জামিননামা দাখিলের সুযোগ তৈরি হলো। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে তিন ধাপে দেশের ১৬টি জেলায় ই-বেইলবন্ড ব্যবস্থা চালু করা হয়েছিল। ওই কার্যক্রমের ইতিবাচক ফলাফলের ভিত্তিতে চতুর্থ পর্যায়ে আরও ১২টি জেলা যুক্ত করা হলো। নতুন জেলাগুলো যুক্ত হওয়ার মধ্য দিয়ে ই-বেইলবন্ড চালু থাকা জেলার সংখ্যা দাঁড়িয়েছে ২৮টিতে।
এক ক্লিকেই জামিননামা দাখিল
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রচলিত বেইলবন্ডের তুলনায় ই-বেইলবন্ড ব্যবস্থায় জামিননামা দাখিলের প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হয়েছে। এতে বিচারপ্রার্থী ও আসামির স্বজনদের ভোগান্তি কমার পাশাপাশি জামিনের পর মুক্তির প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আইনমন্ত্রী বলেন, আগে একটি বেইলবন্ড দাখিল করতে ১২টি ধাপ অনুসরণ করতে হতো। এখন আইনজীবীরা নিজেদের চেম্বার কিংবা যেকোনো স্থান থেকে স্মার্টফোন ব্যবহার করে এক ক্লিকেই ই-বেইলবন্ড জমা দিতে পারবেন। বেইলবন্ড গ্রহণের পর সংশ্লিষ্ট আইনজীবীর কাছে তাৎক্ষণিকভাবে ওটিপি পাঠানো হবে।
তিনি জানান, প্রথম কয়েক ধাপে ই-বেইলবন্ড ব্যবস্থার মাধ্যমে প্রায় ১ লাখ ২০ হাজার বেইলবন্ড দাখিল হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি।
কমবে বিচারপ্রার্থীদের ভোগান্তি
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন কারাগারে থাকা আসামিদের পাশাপাশি তাদের স্বজনদেরও জামিন প্রক্রিয়ায় আদালত ও কারাগারের বিভিন্ন পর্যায়ে ঘুরতে হয়। ই-বেইলবন্ড ব্যবস্থা এই ধরনের হয়রানি ও সময়ক্ষেপণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে হয়রানিমুক্ত বিচারিক পরিবেশ নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও সুশাসন শক্তিশালী করা। ই-বেইলবন্ড চালু করা সেই উদ্যোগেরই অংশ।
স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে
আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, ইতোমধ্যে যেসব জেলায় ই-বেইলবন্ড চালু হয়েছে, সেখানে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় আরও বেশি মানুষ এই ডিজিটাল সেবার আওতায় আসবে। ই-বেইলবন্ড ব্যবস্থায় জামিননামা যাচাইয়ে সময় কমবে, বন্দিদের অপ্রয়োজনীয় কারাবাসের সুযোগ হ্রাস পাবে এবং বিচার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে বলে জানান তিনি।
ধাপে ধাপে ৬৪ জেলায় সম্প্রসারণ
আইন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব ৬৪ জেলায় ই-বেইলবন্ড ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জামিননামা দাখিল ও যাচাইয়ের প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নতুন ১২ জেলার বিচারক, আইনজীবী, জিপি-পিপি, পুলিশ, স্থানীয় প্রশাসন ও কারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।