ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার চার আসামি অন্য মামলায় কারাগারে থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাদের এ মামলায় হাজির করার জন্য পি.ডব্লিউ আবেদন করা হয়েছে। এ কারণে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন।
সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন তিনি। চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আকরামুজ্জামান। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়।
মামলার ৩৪ আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও কয়েকজন।
এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চার আসামি কারাগারে রয়েছেন। মামলার আরও ১০ আসামি জামিনে রয়েছেন।
আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির মাধ্যমে মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।