১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, আগামী বছরের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট।
এর আগে সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি টাইগাররা।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাঠে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।’
এদিকে একই সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশ পুরুষ দল বনাম ইংল্যান্ড
একমাত্র টেস্ট:
২৮ মে–১ জুন ২০২৭
ভেন্যু: লর্ডস, লন্ডন
বাংলাদেশ নারী দল বনাম ইংল্যান্ড নারী দল
টি-টোয়েন্টি সিরিজ:
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ:
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড