শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনের মুখেও ধর্মেন্দ্র প্রধানকে কেন সরাচ্ছেন না মোদি? চিকিৎসার অভাবে যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি সাংবাদিকের পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে কোরআন তিলাওয়াতে মাধুর্য আনতে যা করবেন
  • বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর

    বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার গন্তব্যে পরিণত করতে জাতীয় নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করা নয়, বরং তাদের মেধার সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করা। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশি শিক্ষার্থী ভর্তি, একাডেমিক সহযোগিতা এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    বৃহস্পতিবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    সভায় দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’-এর খসড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা আলোচনা করেন।

    শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রক ও সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে ইউজিসির নেতৃত্ব আরও কার্যকর হতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সফল উচ্চশিক্ষা সংস্কারের অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে হবে।

    তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিকল্পিত উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে। চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা সংস্কারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য উপযোগী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

    সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, ইন্টার্নশিপ ও কর্মসংস্থান পর্যবেক্ষণ ব্যবস্থা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), ডিজিটাল প্রশাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এ ছাড়া গবেষণা প্রকাশনা ও পেটেন্ট বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা অংশীদারত্ব সম্প্রসারণ, জাতীয় উচ্চশিক্ষা তথ্যভান্ডার তৈরি এবং বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্রে পরিণত করার লক্ষ্যও কর্মপরিকল্পনায় রাখা হয়েছে।

    সভায় ইউজিসির সদস্য, সচিবসহ শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন