ষষ্ঠ শ্রেণিতে ২০২৭ থেকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ছোটবেলা থেকেই যুক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যেই ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সাল থেকে শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের চাহিদা বিবেচনায় শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আরও নতুন বই বা বিষয় যুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বেশি ভর্তুকি দিয়ে সরকার জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে। এটি কোনো একক দেশের সংকট নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির অংশ। জনগণের ওপর চাপ কমিয়ে বাস্তবসম্মতভাবে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।