রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, জড়িতদের গ্রেপ্তারে তিন দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকেরা।
সাংবাদিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং সোমবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা। এ ছাড়া অভিযুক্তদের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন—এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও রয়েছে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার আশ্বাস দেওয়া হলে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেন সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন।
আহত সাংবাদিকেরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।