মে মাসে রেমিট্যান্সে জোয়ার, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৮৮ কোটি টাকা, যা প্রায় ৩২ হাজার কোটি টাকার কাছাকাছি।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নত সেবা রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের বাকি সময়েও রেমিট্যান্স আরও বাড়তে পারে বলে তারা মনে করছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।
ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড তৈরি হতে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।