নতুন করে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩৬৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১৫৫ জন। ফলে একই সময় পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৩০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন ৩৪ হাজার ৯৬৮ জন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জন মারা গেছেন। ফলে উপসর্গসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।
সব মিলিয়ে গত দেড় মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।