বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত তিন হাজার খামারি

লক্ষ্মীপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত তিন হাজার খামারি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুরের খামারগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার প্রায় তিন হাজার খামারে চলছে কোরবানির পশুর পরিচর্যা, চিকিৎসা ও বেচাকেনার প্রস্তুতি। প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, এ বছর জেলার চাহিদার তুলনায় ৬ হাজার ২৬২টি বেশি পশু প্রস্তুত রয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, লক্ষ্মীপুরে এবার মোট ১ লাখ ৩৯ হাজার গরু লালন-পালন করা হয়েছে। এর মধ্যে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৯৫ হাজার ৪৭৭টি পশু। জেলার চাহিদা ৮৯ হাজার ২১৫টি হলেও অতিরিক্ত পশু থাকায় কোরবানিতে কোনো সংকট হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বালাইশপুর এলাকার আদর্শ গরুর খামারে গিয়ে দেখা যায়, দেশীয় জাতের প্রায় দুই শতাধিক গরু প্রাকৃতিক পরিবেশে লালন-পালন করা হচ্ছে। খামারিরা নিয়মিত খাবার, গোসল ও চিকিৎসাসেবার মাধ্যমে পশুর পরিচর্যা করছেন।

খামারে গরু দেখতে আসা ক্রেতা আবুল হাসান বলেন, “দেশীয় গরুর চাহিদা বেশি। খামারে সুন্দর সুন্দর পশু রয়েছে। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। এক লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে গরু বিক্রি হচ্ছে।”

খামারিরা জানান, গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশু পালনের খরচ বেড়েছে। ফলে গত বছরের তুলনায় প্রতিটি গরুর দাম ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেশি হতে পারে। তবুও তারা প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করছেন এবং ক্ষতিকর স্টেরয়েড বা হরমোন ব্যবহার থেকে বিরত রয়েছেন।

আদর্শ গরুর খামারের মালিক ফারুকুর রহমান ফারুক বলেন, “প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী গবাদি পশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। খৈল, গম, ভাত, ভূষি, ছোলা ও সবুজ ঘাস খাওয়ানোর মাধ্যমে প্রাকৃতিকভাবে পশু মোটাতাজা করা হচ্ছে।”

খামারিরা আরও বলেন, সীমান্ত পথে বিদেশি গরু প্রবেশ করলে স্থানীয় খামারিরা ক্ষতির মুখে পড়বেন। তাই অবৈধভাবে বিদেশি গরু আমদানি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বলেন, “খামারিদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জেলার চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে। আশা করছি, কোরবানিতে কোনো সমস্যা হবে না।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন