স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউর সঙ্গে বৈঠক বিরোধীদলীয় নেতার

বাংলাদেশে গণতন্ত্রকে আরও অর্থবহ করা এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও কার্যকর করা, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়।
এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের ওপরও দুই পক্ষ জোর দেন।
উভয়পক্ষই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।