বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

জাল টাকা ছাপাতে ছাপাখানার কর্মী নিয়োগ, উদ্ধার ৩৪ লাখ: ডিএমপি

জাল টাকা ছাপাতে ছাপাখানার কর্মী নিয়োগ, উদ্ধার ৩৪ লাখ: ডিএমপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে জাল টাকা ছাপানোর একটি চক্র সক্রিয় হয়ে ওঠে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনটি প্রিন্টিং মেশিন ব্যবহার করে ধারাবাহিকভাবে জাল নোট তৈরি করতে তারা একটি ছাপাখানার কর্মীকেও নিয়োগ দেয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—শরীয়তপুরের মো. মজিবুর রহমান (৩৮), পটুয়াখালীর মো. দুলাল মৃধা (৪০) এবং নেত্রকোনার মো. মামুন (২৫)।

ডিবি প্রধান আরও বলেন, গত ১৩ মে রাজধানীর উত্তরাপূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেট এলাকা এবং গাজীপুর মহানগরের বাসন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে সমবায় বাজার এলাকায় জাল টাকা লেনদেনের সময় মজিবুর রহমানকে হাতেনাতে ধরা হয়। তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং ৪০ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে আরও ৩৪ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

এছাড়া একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালী রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা এক হাজার টাকার নোট, তরল আঠা, কাটার এবং জলছাপ তৈরির ডাইসও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে পশুর হাট ও বাজারে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, ছাপাখানায় কর্মরত একজন ব্যক্তিকে বিশেষভাবে নিয়োগ দিয়ে এই জাল টাকা ছাপানোর কাজ চালানো হচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন