২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

আসন্ন ঈদুল আজহার আগে চলতি মে মাসের ২১ তারিখের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় শ্রমিক প্রতিনিধিরা বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পখাতে কোনো ধরনের আন্দোলন বা অসন্তোষ সৃষ্টি হবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেগুলো দ্রুত পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস বাড়ানোর আহ্বান জানান শ্রমিক নেতারা।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কারখানা ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেতন-বোনাস পরিশোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ এবং শিল্প পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে বিভিন্ন রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।