ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে বন্দরে দুটি জাহাজ

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজিবাহী আরও দুটি জাহাজ এসে পৌঁছেছে। ভারত ও মালয়েশিয়া থেকে আসা এসব জাহাজ বর্তমানে বন্দরের নির্ধারিত পয়েন্টে অবস্থান করছে।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, শনিবার রাতে মালয়েশিয়া থেকে আসা ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে আগত ‘গ্যাস ক্যারেজ’ নামের জাহাজ দুটি যথাক্রমে চার্লি ও ব্রাভো পয়েন্টে নোঙর করেছে।
এছাড়া জ্বালানি সরবরাহ আরও জোরদার করতে পর্যায়ক্রমে আরও কয়েকটি এলপিজি ও এলএনজিবাহী জাহাজ দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে রোববার যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের একটি এলএনজিবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সোমবার মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরেকটি এলপিজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে।
আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও দুটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছাবে বলে জানা গেছে।
বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রেক্ষাপটে এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।