ফাইনালে বাড়ছে না হাফটাইম বিরতি, ১৭ মিনিটেই শেষ হবে বিশেষ আয়োজন

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনাল ঘিরে হাফটাইম পারফরম্যান্স নিয়ে তৈরি হওয়া আলোচনা ও ধোঁয়াশার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। ফাইনালের মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে ৩০ থেকে ৪০ মিনিটের দীর্ঘ সংগীত আয়োজন হতে পারে। এ নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, দীর্ঘ বিরতিতে ম্যাচের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট হতে পারে।
তবে ফিফা জানিয়েছে, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে বড় কোনো বিরতি দেওয়া হবে না। আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনকেও এ বিষয়ে জানানো হয়েছে।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মিনিটের বিরতির মধ্যে প্রায় ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠের প্রয়োজনীয় প্রস্তুতির কাজে।
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত শিরোপার লড়াই।
এদিকে, চলমান বিশ্বকাপে প্রচণ্ড গরমের কারণে আগের মতোই থাকবে হাইড্রেশন ব্রেক। ম্যাচের প্রতিটি অর্ধে খেলোয়াড়দের পানি পানের জন্য নির্ধারিত বিরতি দেওয়া হবে।
এর আগে হাফটাইম শোতে বিটিএস, কোল্ডপ্লে-সহ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীর নাম আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।