মেট্রো স্টেশনের ব্যাগ ঘিরে আতঙ্ক, শেষে মিলল পান-জর্দা

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া দুটি সন্দেহজনক ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটি প্রথমে এক্স-রে করে পরীক্ষা করা হয়। এতে ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিরাপদে ব্যাগটি খুলে পরীক্ষা করেন। সেখানে জর্দার একটি কৌটা ও পান পাওয়া যায়। তবে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। পরীক্ষা শেষে ওই বস্তুর ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর সামগ্রী না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে শনিবার দুপুরের দিকে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয় এবং মেট্রোরেল ওই দুটি স্টেশনে যাত্রাবিরতি দেয়নি।
পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে। পরে পরীক্ষায় দুটি স্থানেই কোনো বিস্ফোরক না থাকার বিষয়টি নিশ্চিত হয়।