ফিফা বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয় দেব আসছেন ঢাকায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার ঢাকার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে থাকছে তার বিশেষ লাইভ পরিবেশনা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হবে ছয় দিনব্যাপী এই আয়োজন। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে আয়োজিত উৎসবের শেষ দিন, ২০ জুলাই, দর্শকদের সামনে পারফর্ম করবেন সঞ্জয় দেব।
ফ্যান ফেস্টে বড় পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। যদিও তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে পড়াশোনা শেষ করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ।
সঞ্জয়ের বাবা সন্তোষ দেব ও মা মিতা দেব। পরিবারের আদি নিবাস সুনামগঞ্জে। সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার পর যুক্তরাষ্ট্রে তিনি ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন।
আন্তর্জাতিক শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গেও কাজ করেছেন তিনি।
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন সঞ্জয় দেব, যা তার দেশের ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।