দেবের পরিচালনায় ফিরছেন শুভশ্রী, প্রাক্তনকে নিয়ে আবেগঘন প্রশংসা

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউডের একসময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। এবার অবশ্য দেবকে দেখা যাবে নতুন ভূমিকায়—পরিচালক হিসেবে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, দেবকে নিয়ে এক-দুটি বাক্যে মন্তব্য করা সম্ভব নয়। তার ভাষায়, দেবের কাজ, মেধা ও নিষ্ঠা নিয়ে আলাদা একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া উচিত। একজন নির্মাতা হিসেবে দেবের দক্ষতায় তিনি মুগ্ধ এবং পুরো কাজের অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করছেন বলেও জানান।
টলিউডের বড় বাজেটের এই সিনেমায় দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিন তারকার উপস্থিতিতে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই অনেক বেড়ে গেছে।
একসময় পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও দেব ও শুভশ্রী ছিলেন আলোচিত জুটি। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। ব্যক্তিগত সম্পর্কের অবসানের পর দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও এবার সেই দূরত্ব পেছনে ফেলে পেশাদার সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছেন তারা।
এদিকে, সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। আগামী রোববার থেকে প্রচার শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-র নতুন পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন শুভশ্রী গাঙ্গুলী।