নিউইয়র্কে রাজকীয় আয়োজনে টেইলর সুইফট-ট্রাভিস কেলসের বিয়ে

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলস। নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিবার, বন্ধু এবং হলিউডের অসংখ্য তারকার উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
শুক্রবার (স্থানীয় সময়) টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বিয়ের খবর নিশ্চিত করেন।
এই বিয়েতে প্রচলিত রীতির বাইরে গিয়ে কোনো ‘ব্রাইডসমেইড’ বা ‘গ্রুমসম্যান’ রাখা হয়নি। কেবল ঘনিষ্ঠ স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনসহ বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কালো এসইউভি গাড়ি, বিশাল তাঁবু এবং সীমিত প্রবেশের মাধ্যমে পুরো আয়োজন পরিচালিত হয়।
অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠা “JUST T & T MARRIED!” বার্তা, যা উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।
যদিও অনুষ্ঠান শেষে নবদম্পতির কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি, তবে সুইফটের মুখপাত্র জানিয়েছেন, টেইলর ও ট্রাভিস দুজনই ফরাসি ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওর-এর বিশেষভাবে তৈরি পোশাক পরেছিলেন। পোশাকের নকশা করেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তারা ক্রিশ্চিয়ান লুবোটিনের জুতা ব্যবহার করেন এবং টেইলরের গহনা ছিল কার্টিয়ারের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে ম্যানহাটনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তীব্র গরম উপেক্ষা করে হাজারো ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে জড়ো হন প্রিয় তারকাকে একনজর দেখার আশায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। পরে গত আগস্টে যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের আয়োজনের আগে এই তারকা জুটি ২০টিরও বেশি দাতব্য সংস্থায় প্রায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন।