চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা শানু-জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোরে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৫৭৬ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৪৬৩টি ভোট বৈধ এবং ১৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সনি রহমান, তিনি পেয়েছেন ২৬৩ ভোট। প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর, যিনি পেয়েছেন ২২১ ভোট। প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে মোসফেকুল জামিল (কাকন) পেয়েছেন ১১৮ ভোট এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।
কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যনির্বাহী পরিষদের ১১ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। এদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে সদস্য পদে শীর্ষে রয়েছেন কায়েস আরজু।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচনকে ঘিরে এক মাস ধরে এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের উপস্থিতি, প্রচারণা ও সমর্থকদের আনাগোনায় জমে ওঠে পুরো এলাকা।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, আর বিজয়ী প্যানেলের নেতৃত্বে ছিলেন শিবা শানু ও জয় চৌধুরী।